প্রেস বিজ্ঞপ্তি :: কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা।
রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে আদালত প্রাঙ্গণে সংঘটিত এ ঘটনায় এক বিবৃতিতে উদ্বেগ জানান কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখ এবং সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যেও সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
তারা রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সব সন্ত্রাসী ও অস্ত্রধারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি জোরদারের আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, পুরো জেলায় মানবপাচার, অপহরণ, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
সম্প্রতি উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের নিহত হওয়া, চকরিয়ায় পুত্রের হাতে পিতা খুন, কবিতা চত্বরে জুলাই যোদ্ধা খোরশেদ হত্যা, পর্যটকদের ওপর হামলা ও ছিনতাইসহ নানা অপরাধে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
বিবৃতিতে জেলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন শহর কক্সবাজার ও পর্যটন শিল্প রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ সহযোগিতা করার আশ্বাস দেন জামায়াত নেতারা।
একই সঙ্গে সন্ত্রাসী, অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।













