মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ির আলোচিত ব্যবসায়ী হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

🗓 মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

👁️ ৭৮ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

👁️ ৭৮ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ব্যবসায়ী আজিজ খলিফা অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি এবং ঘটনার মূল পরিকল্পনাকারী উদয়ন ধর (৪০)-কে গ্রেফতার করেছে র‌্যাব।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের দুর্গম জঙ্গল থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ৮ জুন রাত ১০টার দিকে র‌্যাব-১৫ কক্সবাজার এবং র‌্যাব-৭ চট্টগ্রামের (সিপিসি-৩) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, গত ২০ মে দুপুরে ব্যবসায়ী আজিজ খলিফা তার পাওনা ছয় লাখ টাকা আদায়ের জন্য উত্তর বাইশারী বাজারে উদয়ন ধরের কাপড়ের দোকানে যান।

সেখানে টাকা পরিশোধ না করে উদয়ন ধর কৌশলে তাকে কক্সবাজারের একটি হাসপাতালে পাঠিয়ে দেয়।

অভিযোগ রয়েছে, হাসপাতালে পৌঁছানোর পর পূর্বপরিকল্পনা অনুযায়ী কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় এবং অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন চালায়।

নির্যাতনের একপর্যায়ে আজিজ খলিফা কৌশলে নিজের ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে স্বজনদের কাছে একটি ভয়েস বার্তা পাঠান।

পরে একই দিন রাতে ঈদগাহ থানার কালিরছড়া এলাকার রেললাইনের পাশ থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়।

আইসিইউ সংকটের কারণে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা ব্যয়ের চাপ সামলাতে না পেরে পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে।

এরপর গত ২৩ মে সকালে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

পরে নিহতের দ্বিতীয় স্ত্রী সেলিনা আক্তার বেবী নাইক্ষ্যংছড়ি থানায় অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি উদয়ন ধর আত্মগোপনে চলে যায়।

র‌্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হলে চন্দ্রনাথ পাহাড়ের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত উদয়ন ধর নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাংগাইশিয়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর