বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

🗓 মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল মহেশখালী :: মহেশখালী উপজেলায় অনিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের আওতায় মানবপাচার প্রতিরোধ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।

বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সোলতান।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং মানবপাচারের শিকার ভুক্তভোগীরা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মানবপাচার প্রতিরোধ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মো. শিহাবুল হোসেন।

স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের কক্সবাজার সমন্বয়ক অজিত নন্দী।

বক্তারা বলেন, বেকারত্ব, দারিদ্র্য এবং সচেতনতার অভাবের কারণে মহেশখালীতে মানবপাচারের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

উন্নত জীবনের আশায় অনেক মানুষ সাগরপথে ঝুঁকিপূর্ণভাবে মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন। আবার কেউ কেউ দালালচক্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন।

তারা আরও বলেন, প্রয়োজনীয় দক্ষতা ও সঠিক তথ্য ছাড়া বিদেশ গমনকারীরা নানা ধরনের প্রতারণা ও নির্যাতনের শিকার হচ্ছেন।

বিশেষ করে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে যুবকদের সাগরপথে মালয়েশিয়া পাঠানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে।

অনেক ক্ষেত্রে তারা মিয়ানমার ও থাইল্যান্ডে আটকা পড়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। ফলে তাদের মুক্ত করতে পরিবারের সদস্যদের বাড়ি-ঘর ও জমিজমা বিক্রি করতে হচ্ছে।

মহেশখালী থানার ওসি আবদুস সোলতান বলেন, সাম্প্রতিক সময়ে মানবপাচারের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে একাধিক অভিযোগ পুলিশের কাছে এসেছে।

পাচারকারীদের শনাক্ত করে তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে অভিযান পরিচালনা করা হবে।

তিনি মানবপাচার সংক্রান্ত তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে তৃণমূল পর্যায় থেকে মানবপাচারকারীদের তথ্য সংগ্রহ করা হবে।

একই সঙ্গে অবৈধ অভিবাসীদের তালিকা প্রস্তুত করা হবে।

তিনি আরও জানান, মানবপাচার প্রতিরোধে স্কুল, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক সভা, সেমিনার ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর