আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকাল প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক (৩০) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১-এর ব্লক-সি এলাকার বাসিন্দা। তিনি মো. আনুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেজু আমতলী এলাকার একটি আকাশমনি বাগানে দিনমজুর হিসেবে কাজ করতে যান তিনি।
কাজ করার সময় হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থলটি ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪০-এর পশ্চিমে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
বিস্ফোরণে আব্দুল খালেক গুরুতর আহত হন। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও মারাত্মক আঘাত লাগে।
পরে তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সিএনজিযোগে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, গত এক মাসে সীমান্ত এলাকায় একাধিক মাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
এতে সীমান্তবর্তী এলাকার বাগান মালিক, শ্রমিক ও জুমচাষীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।













