রতন কান্তি দে,উখিয়া :: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে র্যাব-১৫ নিয়মিতভাবে কঠোর নজরদারি ও চিরুনি অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় একটি বিশেষ অভিযানে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১৫-এর সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গত ২ জুলাই রাত পৌনে ৯টার দিকে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযানে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলম (৩৮)-কে গ্রেফতার করা হয়।
তিনি রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক-সি/৪-এর বাসিন্দা এবং এফসিএন নম্বর-১৫০৮৮২ধারী মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাস্টার শুক্কুর আলম উখিয়া থানায় দায়ের করা একটি নৃশংস হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপনে ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা তার অবস্থান নিশ্চিত করে অত্যন্ত পরিকল্পিত ও আকস্মিক অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, কক্সবাজার অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধী চক্রের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।














