শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহে মাত্র একটি পিল! HIV চিকিৎসায় যুগান্তকারী সাফল্য আন্তর্জাতিক গবেষণায়

🗓 বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

👁️ ১১২ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

👁️ ১১২ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(৫ আগস্ট) :: অবিরাম প্রতিদিন ওষুধ খাওয়ার ক্লান্তি, সমাজ বা পরিবারের চোখে ধরা পড়ার ভয়, আর মানসিক চাপ—এইচআইভি (HIV) রোগীদের জন্য এই সবকিছুর অবসান হতে চলেছে খুব শীঘ্রই।

প্রতিদিনের বাঁধাধরা অভ্যাসে ইতি টেনে গবেষকরা নিয়ে এসেছেন এক বিরাট সুখবর। সপ্তাহে মাত্র একটিমাত্র পিল বা ট্যাবলেট খাইলেই নিয়ন্ত্রণে থাকবে এইচআইভি ভাইরাসের তীব্রতা!

সম্প্রতি আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞানের একটি যুগান্তকারী ক্লিনিকাল ট্রায়ালে এই বিষয়ের ওপর চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গবেষকদের দাবি, প্রতিদিন যে প্রচলিত প্রতিষেধক ওষুধ খাওয়া হয়, নতুন এই ‘সাপ্তাহিক পিল’-এর কার্যকারিতা তার থেকে কোনও অংশেই কম নয়, বরং ক্ষেত্রবিশেষে এটি আরও বেশি সুবিধাজনক।

ঠিক কী দেখা গেছে এই গবেষণায়?

বিখ্যাত চিকিৎসা সাময়িকী ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’ (The New England Journal of Medicine)-এ সম্প্রতি এই গবেষণার রিপোর্টটি প্রকাশিত হয়েছে। ISLEND-1 নামক এই ফেজ-৩ (Phase 3) ট্রায়ালটি বিশ্বের ১২টি দেশের ১০৬টি জায়গায় মোট ৬০৭ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর পরিচালনা করা হয়।

গবেষণার মুল বিষয়গুলো হল:

•    দুটি ওষুধের যুগলবন্দি: গবেষকরা ‘ইসল্যাট্রাভির’ (Islatravir) এবং ‘লেনাকাপ্যাভির’ (Lenacapavir)—এই দুটি শক্তিশালী অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধের সমন্বয়ে নতুন একটি সাপ্তাহিক পিল তৈরি করেন।

•    কার্যকারিতা: দীর্ঘ ৪৮ সপ্তাহের ট্রায়াল শেষে দেখা যায়, যারা প্রতি সপ্তাহে এই নতুন পিলটি খেয়েছেন, তাদের মধ্যে ৯৩%-এরও বেশি মানুষের রক্তে ভাইরাসের মাত্রা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে (Viral Suppression)। এমনকি কারওক্ষেত্রেই চিকিৎসাজনিত ব্যর্থতা (Virological failure) দেখা যায়নি।

•    প্রচলিত দৈনিক ওষুধের সাথে তুলনা: বর্তমানে প্রচলিত দৈনিক তিন-ওষুধের সংমিশ্রণ ‘বিকটারভি’ (Biktarvy)-র সাথে এই নতুন সাপ্তাহিক পিলের কার্যকারিতা তুলনা করে দেখা যায়—সাপ্তাহিক পিলটি প্রতিদিনের ট্যাবলেটের সমান দক্ষতা দেখিয়েছে।

‘পিল ফ্যাটিগ’ বা মানসিক ক্লান্তি থেকে মুক্তি

একজন এইচআইভি রোগীর জন্য বছরের পর বছর প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়া শুধু শারীরিক নয়, চরম এক মানসিক ও আবেগজনিত বোঝা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পিল ফ্যাটিগ’ (Pill Fatigue)।

নতুন এই আবিষ্কারের ফলে রোগীকে বছরে ৩৬৫টি পিল খাওয়ার বদলে মাত্র ৫২টি পিল খেলেই চলবে! জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় অফ মেডিসিনের অধ্যাপক ড. চার্লস ফ্লেক্সনার বলেন—“সপ্তাহে মাত্র একটি পিল প্রতিদিনের গোল্ড-স্ট্যান্ডার্ড থ্রি-ড্রাগ পিলের মতোই কার্যকরভাবে ভাইরাসকে বংশবৃদ্ধি করতে বাধা দেয়। এটি রোগীদের চিকিৎসার স্বাধীনতা দেবে।”

নতুন ওষুধের সীমাবদ্ধতা

•    পার্শ্বপ্রতিক্রিয়া: গবেষণা চলাকালীন উভয় গ্রুপের চিকিৎসাতেই সাধারণ কিছু সামান্য উপসর্গ যেমন—কাশি, মাথার যন্ত্রণা, বমি ভাব বা ডায়রিয়া দেখা গিয়েছিল। এগুলো সম্পূর্ণ মৃদু থেকে মাঝারি মাত্রার।

•    হেপাটাইটিস বি রোগীদের ক্ষেত্রে সীমাবদ্ধতা: দৈনিক প্রচলিত ওষুধগুলি একই সাথে এইচআইভি এবং হেপাটাইটিস বি (Hepatitis B)-র বিরুদ্ধে কাজ করতে পারে, কিন্তু নতুন এই সাপ্তাহিক পিলটি হেপাটাইটিস বি প্রতিরোধে কাজ করে না। তাই যাদের সক্রিয় হেপাটাইটিস বি রয়েছে, তাদের জন্য এটি ব্যবহার যোগ্য নয়।

কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক ড. ক্লো ওরকিন জানান, সামাজিক কুসংস্কার ও ভয় দূর করে রোগীদের জীবনকে স্বাভাবিক করতে এবং চিকিৎসায় ধারাবাহিকতা বজায় রাখতে এই ধরণের বিকল্প পথ অত্যন্ত সাহায্য করবে।

বর্তমানে এই পরীক্ষার পরবর্তী ৯৬-সপ্তাহের ফল বেরোনোর অপেক্ষা করছেন গবেষকরা। সেই ফলাফল অনুকূলে আসলেই সাধারণ মানুষের ব্যবহারের জন্য সবুজ সংকেত মিলবে।

ডিসক্লেইমার: এই পোস্টটি কেবল সচেতনতা ও তথ্য প্রচারের উদ্দেশ্যে লিখিত। এটি কোনোভাবেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয়। আপনার স্বাস্থ্য বা এইচআইভি চিকিৎসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা পরিবর্তন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর