দীপন বিশ্বাস :: কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় পাম্প মালিক নুরুল আলম ওরফে এন আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিস্ফোরক পরিদফতর।
সোমবার (২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন।
তিনি জানান, চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
রামু উপজেলার নুর আহমদ সিকদারের ছেলে নুরুল আলমকে একমাত্র আসামি করে বিস্ফোরক আইন, ১৮৮৪; তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিধিমালা, ২০০৪ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
আসামিকে গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন ও যাচাই-বাছাই করে দেখা গেছে গ্যাস পাম্পটি স্থাপনের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনাপত্তিপত্র, পরিবেশ অধিদপ্তরের সনদ, ফায়ার সার্ভিসের অনুমতিপত্র এবং বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স নেওয়া হয়নি।
কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই স্থাপনাটি পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।













