মো: রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (৪ মার্চ) ভোর রাতে সেহেরীর সময়ের পরপর উপজেলার সদর ইউনিয়নের কালির ছড়া লাল শরিয়া পাড়ার নূরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ১৪ তম রোজার সেহেরি শেষ করে তারা ফজর নামাজের অপেক্ষা করছিলেন।
এসময় ( আজানের আগ মুহুর্তে) সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙ্গে বাসায় ঢুকে পড়ে। পরে অস্ত্র ঠেকিয়ে বাসায় থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সর্ব শান্ত হয়ে পড়েছে পরিবারটি।
স্থানীয় জসিম উদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষনিক ঈদগাঁও থানার ওসিকে জানানো হলে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেন থানা পুলিশের একটি টিম।
এলাকাবাসী জানান, একটি সন্ত্রাসী গ্রুপ কালিরছড়ায় সক্রিয় রয়েছে।
পাহাড় কাটা, বনজমি থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন, চোরাই বার্মিজ গরু পাচার, ডাকাতি-অপহরন, অবৈধ অস্ত্র ও মাদক পাচারসহ বহুবিধ অপরাধে জড়িত এ বাহিনীর সবাই এখনো বহাল তবিয়তে রয়ে গেছে।
এরা বিভিন্ন মামলার পলাতক আসামী হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এখনো যাবতীয় অপকর্ম অব্যাহত রেখেছে ।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ডাকাতির বিষয়টি তদন্তাধীন আছে।
অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।













