দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় র্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের উল্লেখিত এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন, র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।
আটকরা হল- মোঃ আলম (৩৩), মোঃ রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)।
গ্রেপ্তারকৃতরা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
তাদের থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ১টি দেশীয় তৈরি পিস্তল এবং ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি এবং ১টি ফায়ারকৃত খোসা, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২টি ফোল্ডিং স্টিলের চাকু, ৩টি বিশেষ ধরনের ধারালো আংটি, ৪টি মোবাইল ফোন এবং বিভিন্ন অপারেটরের সিম কার্ড।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং দণ্ডবিধি অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব-১৫ সূত্র নিশ্চিত করেছে।













