নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া এলাকায় কোস্ট ফাউন্ডেশনের নির্মাণাধীন একটি ঘরের দেয়াল ধসে মুনতাকি নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মুরালিয়া এলাকায় কোস্ট ফাউন্ডেশনের দেওয়া একটি ঘরের নির্মাণকাজ চলাকালে হঠাৎ করে জানালা ও দরজার মাঝের দেয়াল ধসে পড়ে।
এতে সেখানে থাকা মুনতাকি নামে এক শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাছির বলেন, “ঘটনাটি পুরোপুরি সত্য। কোস্ট ফাউন্ডেশনের একটি বাড়িতে কাজ চলাকালীন সময় দেয়াল ধসে একজন শিশু গুরুতর আহত হয়েছে।
আমার মনে হয় কন্ডাক্টর ও বড় মিস্ত্রির গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। সেখানে সিমেন্ট কম দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
এদিকে স্থানীয় বাসিন্দা আজিজুল হক সাগর ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, “কাজে অনিয়ম থাকলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আইনের আওতায় আনতে হবে।”
মোহাম্মদ আলী আজগর বলেন, “নির্মাণকাজে অনিয়ম ও অবহেলার কারণে যদি এমন দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে ঠিকাদারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
একই সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে সঠিক তদন্ত নিশ্চিত করা উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্দ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন।













