রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু বিস্তার রোধকল্পে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

🗓 শনিবার, ১৪ মার্চ ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৪ মার্চ ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: ডেঙ্গু রোগের বিস্তার রোধকল্পে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল নয়টায় চিকিৎসক কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে নিয়ে হাসপাতালের প্রধান ফটক থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন।

এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরিয়ায় নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক এই কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিএইচও ডাঃ জায়নুল আবেদিন।

তিনি বলেন, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ডেঙ্গু রোগের বিস্তার রোধ করা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা, যাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

শনিবার শুরু করা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতাল চত্বর, হাসপাতালের ভেতরে বাইরে ড্রেনেজ ব্যবস্থা, আশপাশের ঝোপঝাড়, পরিত্যক্ত স্থান এবং সম্ভাব্য মশার প্রজননস্থলসমূহ পরিষ্কার করা হয়।

জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা সরিয়ে ফেলা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানের শুরুতে হাসপাতাল মিলনায়তনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বার্তা তুলে ধরেন টিএইচও ডাঃ জায়নুল আবেদিন।

তিনি বলেন,এডিস প্রজাতির মশা সাধারণত পরিষ্কার পানিতে জন্মায় এবং অল্প পরিমাণ জমে থাকা পানিও মশার বংশবিস্তার ঘটাতে পারে। তাই বাড়ির ছাদ, ফুলের টব, টায়ার, পানির ট্যাংক, ড্রাম, ফ্রিজের ট্রে, পরিত্যক্ত পাত্র কিংবা আশপাশে কোথাও তিন দিনের বেশি জমে থাকা পানি যেন না থাকে—সেদিকে বিশেষভাবে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং পরিবার ও প্রতিবেশীদের সচেতন করার মাধ্যমে আমরা সহজেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে পারি।

টিএইচও ডাঃ জায়নুল আবেদিন চকরিয়াবাসির উদ্দেশ্য বলেন, আসুন, আমরা সবাই মিলে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখি, সচেতনতা বৃদ্ধি করি এবং সম্মিলিতভাবে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক একটি নিরাপদ, সুস্থ ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজন ত্রিপুরা, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, হিসাবরক্ষক সৈয়দ হোসেন, হাসপাতালের চিকিৎসক, নার্স, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর