এম.জিয়াবুল হক, চকরিয়া :: ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের ধারাবাহিকতার অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচির মধ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে চকরিয়া বিমানবন্দরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সুচনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
পরে সকাল দশটার দিকে চকরিয়া উপজেলা পরিষদস্থ মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন ইউএনও শাহীন দেলোয়ার ও চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন।
এসময় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের তাৎপর্য সহকারে মনোমুগ্ধকর ডিসপ্লে উপহার দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্কাউটস ও পুলিশ বাহিনীর সদস্যরা।
দুপুর বারোটায় চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে ইউএনও’র নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী, প্রাণী সম্পদ অফিসার আরিফ উদ্দিন, চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুল কাদের প্রাইম, চকরিয়া পৌর বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, সাবেক ছাত্রনেতা সোহেল মাহমুদ প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচিতে আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত করা হয়।
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে চকরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।













