কক্সবাংলা ডটকম(২৭ মার্চ) :: আরও শক্তিশালী হতে চলেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম।
‘অপারেশন সিঁদুর’-এর সময়ে শত্রুপক্ষের আকাশপথে আক্রমণের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এস-৪০০ (S-400 Defense System) ।
আগামী মে মাসে ভারতের হাতে আসতে পারে অত্যাধুনিক এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার চতুর্থ স্কোয়াড্রন।
একটি জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকীর সময়েই S-400-এর চতুর্থ স্কোয়াড্রন ভারতে আসতে পারে।
ভারত বর্তমানে তিনটি এস-৪০০ স্কোয়াড্রন মোতায়েন করেছে। মূলত দেশের পশ্চিম ও উত্তর সীমান্তে এগুলিকে স্থাপন করা হয়েছে।
অপারেশন সিঁদুরে S-400-এর সাফল্য
পহেলগাম হামলার পরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার উদ্দেশে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনী।
পাল্টা প্রত্যাঘাত হয় পাকিস্তানের তরফেও। মূলত আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান।
সেই সময়ে আকাশপথে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এই ডিফেন্স সিস্টেম।
অপারেশন সিঁদুরে S-400-এর সাফল্যের পরেই ভবিষ্যতে আরও এস-৪০০ কেনার পরিকল্পনা করা হয়।
S-400 নিয়ে কী পদক্ষেপ?
২০১৮ সালে রাশিয়ার সঙ্গে প্রায় ৪০,০০০ কোটি টাকার চুক্তি করে ভারত। মোট পাঁচটি এস-৪০০ স্কোয়াড্রন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমটি ২০২১ সালে চালু হয়, পরে ধাপে ধাপে আরও ইউনিট মোতায়েন করা হয়েছে।
চতুর্থ স্কোয়াড্রনের ডেলিভারির পরে ২০২৭ সালের মধ্যে পঞ্চম ও শেষ ইউনিটও ভারতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
এতে ভারতের আকাশ প্রতিরক্ষা বলয় প্রায় পূর্ণতা পাবে। চিন ও পাকিস্তান— দুই দিক থেকেই সম্ভাব্য হুমকির মোকাবিলায় বড় সুবিধা মিলবে।













