কক্সবাংলা ডটকম(২৯ মার্চ) :: আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে অর্থপাচার হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রকাশিত তাদের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, গত এক দশকে শুল্ক ফাঁকি এবং পণ্যের মূল্যে মিথ্যা ঘোষণার (ট্রেড মিস-ইনভয়েসিং) মাধ্যমে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশের বাজারে চলে গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে বাংলাদেশের পুঞ্জীভূত বাণিজ্য ‘ভ্যালু গ্যাপ’ এর পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৮৩০ কোটি ডলারে।
বাণিজ্যিক তথ্য বিশ্লেষণ করে জিএফআই বলছে, বাংলাদেশের এ অবৈধ অর্থপ্রবাহের একটি বড় অংশই সম্পন্ন হচ্ছে উন্নত দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের মাধ্যমে।
বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানি এবং মূলধনী যন্ত্রপাতি আমদানির আড়ালে অর্থপাচারের ঘটনাগুলো বেশি ঘটছে।
অনেক ক্ষেত্রে আমদানির ব্যয় বাড়িয়ে দেখিয়ে (ওভার-ইনভয়েসিং) এবং রপ্তানি আয় কমিয়ে প্রদর্শন করে (আন্ডার-ইনভয়েসিং) দেশ থেকে ডলার সরিয়ে নেয়া হচ্ছে।
সংস্থাটির তথ্যমতে, বাংলাদেশের মোট বাণিজ্যের একটি উল্লেখযোগ্য অংশই এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের শিকার, যা সরাসরি দেশের কর রাজস্ব এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে নেতিবাচক প্রভাব ফেলছে।
বাণিজ্য মূল্যের এই বিশাল ব্যবধানের দিক থেকে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শীর্ষ ১০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।













