এম জিয়াবুল হক,চকরিয়া :: কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মানসম্মত লেখাপড়া নিশ্চিতকল্পে আরও আন্তরিক এবং দায়িত্বশীল ভুমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহ আজমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
এছাড়াও শিক্ষকগণ শিক্ষার্থীদের নিয়মিত বাড়ির কাজ তদারকি করা, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন এবং সঠিকভাবে ক্লাস করানোর বিষয়েও অভিমত ব্যক্ত করেছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে এগারটায় চকরিয়া উপজেলার সুরাজপুর ইউনিয়নের গ্রামীণ জনপদে অবস্থিত শাহ আজমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত কমিউনিটি অ্যাকশন সভায় উপরোক্ত প্রতিশ্রুতি প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার আওতাধীন শাহ আজমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাকটিভ সিটিজেন্স গ্রূপ (এসিজি)’র উদ্যোগে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উক্ত কমিউনিটি অ্যাকশন সভার আয়োজন করে।
অনুষ্ঠিত মানোন্নয়ন বিষয়ক এ সভাটি সঞ্চালনা করেন টিআইবি চট্টগ্রাম বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন।
এসিজি সমন্বয়ক তৌহিদুল ইসলাম রানার সভাপতিতে আয়োজিত উক্ত কমিউনিটি অ্যাকশন সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য ও চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য জয়নুল আবেদীন, প্রধান শিক্ষক জিয়াউর রহমান, জসিম উদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের লেখাপড়াসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যাসমূহ দ্রুত সমাধানে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে উত্থাপিত সমস্যাসমূহ সমাধানে প্রতিশ্রুতি প্রদান করেন। সেজন্য তিনি অভিভাবক ও এলাকাবাসী সবার সহযোগিতা কামনা করেন।














