কক্সবাংলা ডটকম(১০ এপ্রিল) :: পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, যা বাঙালি জাতির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব।
এই উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
এই দিনে পান্তা-ইলিশ খাওয়ার প্রচলন বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য। বাজারে বৈশাখকে সামনে রেখে ইলিশের চাহিদা বেড়ে গেছে।
আকারভেদে কেজিপ্রতি ইলিশের দাম এখন আকাশছোঁয়া।
খুচরা বাজারে এই ইলিশের বাজার মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৩০০-৪০০ টাকা বেড়ে সর্বোচ্চ ৪০০০ টাকা পর্যন্ত দাঁড়িয়েছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে গিয়ে দেখা যায়, খুচরা বাজারে আকারভেদে পদ্মার এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৮০০ থেকে ৪০০০ টাকায়।
যা এক সপ্তাহ আগেও বিক্রি হতো ৩২০০ থেকে ৩৫০০ টাকায়। এক কেজি ওজনের ইলিশ ৩২০০ থেকে ৩৫০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রামের প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩২০০ টাকায়।
চাঁদপুর ও বরিশালের ইলিশের দাম কিছুটা কম। এক কেজি ওজনের বেশি ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৩৫০০ টাকায়। যা এক সপ্তাহ আগেও বিক্রি হতো ৩০০০ থেকে ৩২০০ টাকায়।
এক কেজি ওজনের ইলিশ ২৭০০ থেকে ৩০০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রামের প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৩০০ থেকে ২৫০০ টাকায়।
তবে গত বছরের কোল্ডস্টোরেজে রাখা ইলিশের দাম তুলনামূলক কিছুটা কম। এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৮০০ টাকায়।
গত বছর এই সময়ে আকারভেদে প্রতিকেজি বিক্রি হয়েছিল ২৭০০ থেকে ৩০০০ টাকায়।
ব্যবসায়ীরা বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর ইলিশের আমদানি খুবই কম। জেলেরা জালে তেমন মাছ পাচ্ছে না।
অন্যদিকে এই সময়ে প্রজনন মৌসুমের কারণে সরকারি নিষেধাজ্ঞা ও অভিযান লেগেই থাকে। বিশেষ করে মিঠাপানি ও উজানের মাছ এ মুহূর্তে খুবই কম পাওয়া যাচ্ছে।
মালিবাগ বাজারের মাছ ব্যবসায়ী মো. জসীম বলেন, জেলেরা খুবই কম মাছ পাচ্ছে, যে কারণে এ বছর মাছের আমদানি খুবই কম। বাজারে ইলিশের সরবরাহ বেশি থাকলে আমরাও কম দামে মাছ বিক্রি করতে পারতাম।
বৈশাখকে কেন্দ্র করে প্রতিবছরই মাছের চাহিদা বেশি থাকে এবং দামও স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। কিন্তু এ বছর বাজারে মাছের আমদানি কম থাকায় এক সপ্তাহ আগেই ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে।
শান্তিনগরে আরেক মাছ বিক্রেতার সাথে কথা বললে তিনি বলেন, এ বছর চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ইলিশের দাম এত বেশি।
কারওয়ান বাজারে মাছ কিনতে আসা মো. ফারুক বলেন, প্রতিবছর আমরা পহেলা বৈশাখের চার-পাঁচ দিন আগেই ইলিশ কিনে থাকি।
কিন্তু এবার একদিকে যেমন পছন্দ অনুযায়ী মাছ পাচ্ছি না, আবার দামও কেজিপ্রতি ৩০০-৪০০ টাকা বেশি রাখছে।
তিনি আরও বলেন, আমাদের মতো অল্প বেতনের কর্মজীবীদের ক্ষেত্রে ইলিশ মাছ ক্রয় করা বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে।
সিন্ডিকেট করে বাজারে আমদানি কমিয়ে মাছের দাম বাড়িয়ে দিয়েছে কি না সরকারকে দেখার অনুরোধ রাখছি।
আরেক ক্রেতা রকিফুল ইসলাম বলেন, আমি পরিবারের জন্য মাছ কিনতে আসছি বৈশাখে সকলে মিলে খাব, কিন্তু এসে দেখি মাছের দাম আমার বাজেটের বাইরে।
তাই বড় ইলিশ বাদ দিয়ে ছোট সাইজের ৮০০ গ্রাম ওজনের পাঁচ কেজি মাছ কিনেছি ২৪০০ টাকা কেজি দরে।














