হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এসময় অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














