সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনজির মিটার বক্সে অভিনব কৌশলে ইয়াবা পাচার : চালকসহ ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

🗓 রবিবার, ২৪ মে ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৪ মে ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশার মিটার বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় জিয়াউল হক (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

এ সময় তার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বরইতলী এলাকা হয়ে টেকনাফ র‌্যাব ক্যাম্প সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে বরইতলী এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় র‌্যাবের একটি আভিযানিক দল।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়।

গাড়িটি থামানোর পর চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তার আচরণ সন্দেহজনক মনে হয়।

একপর্যায়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী সিএনজির সামনের মিটার বক্সে বিশেষভাবে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করা হয়।

পরে প্যাকেটগুলো খুলে ৪০টি নীল রঙের বায়ুরোধক পলি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত জিয়াউল হক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুরা গ্রামের টাওয়ার রোড এলাকার আবু জাহেরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে সিএনজি চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত ইয়াবা ও সিএনজি অটোরিকশাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাশাপাশি মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর