মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় বালু দস্যু কর্তৃক তিন সাংবাদিকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চকরিয়া পৌরশহরের নিউমার্কেট এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্টিহ হয়।
চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.আর মাহমুদ এর সভাপতিত্বে ও সাংবাদিক এম.মনছুর রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারি ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মো.ছফওয়ানুল করিম।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এলাকায় কোন ধরনের অপরাধ কর্মকান্ড চলতে দেয়া হবে না। পেশাদার সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা কোন অবস্থাতেই মেনে নেয়া হবে না।
আগামী ২৪ ঘন্টার মধ্যে চকরিয়া থানার ওসিকে অপরাধী নাজেম উদ্দিনসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।
তিনি আরও বলেন, তদন্ত পূর্বক ২৪ ঘন্টার মধ্যে দোষিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আগামীতে এধরনের ন্যাক্কারজন ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসনকে সতর্ক করছি।

এতে আরও বক্তব্য রাখেন- চকরিয়ার সিনিয়র সাংবাদিক এম.ওমর আলী, আবদুল মজিদ, এস.এম হানিফ, সাইফুল ইসলাম খোকন, মিজবাউল হক, বেলাল উদ্দিন বেলাল, মোহাম্মদ উল্লাহ, পেকুয়ার সাংবাদিক মোহাম্মদ ফারুক, মোহাম্মদ দিদার, নেজাম উদ্দিন, চকরিয়া রিপোর্টাস ইউনিটির সভাপতি মুকুল কান্তি দাশ, বি.এম হাবিব উল্লাহ, সাইফুল ইসলাম সাঈফ, , ইউসুফ বিন হোসাইন, রাজু দাশ, আলাউদ্দিন আলো, মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় সাংবাদিকরা বলেন, হারবাং ইউনিয়নের ইয়াছড়ি খালসহ বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড়া থেকে মাটি পাচারসহ নানা অবৈধ কর্মকান্ড করে যাচ্ছে নাজেদ উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। স্থানীয় লোকজন এদের বিরুদ্ধে প্রতিবাদ করারও সাহস পাচ্ছে না।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে হারবাং ইছাছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে স্বচিত্র প্রতিবেদন করতে যান দৈনিক কালের কন্ঠ ও আজাদীর চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ, দৈনিক আমার দেশ ও পূর্বদেশ এর চকরিয়া প্রতিনিধি ইকবাল ফারুক ও দৈনিক সংবাদ ও একুশে পত্রিকার চকরিয়া প্রতিনিধি এম.জিয়াবুল হক।
এসময় সন্ত্রাসী নাজেম উদ্দিনের নেতৃত্বে একদল স্বশস্ত্র সন্ত্রাসী তিন সাংবাদিকের উপর হামলা চালায়।

এই হামলায় জিয়াবুলের ডান হাত ভেঙ্গে যায়, ছোটন কান্তি দাশ ও ইকবাল ফারুকের মাথায় ও হাতে গুরুতর জখম হয়। সারা শরীর পিটিয়ে জখম করে।
তিনি আরও বলেন, ঘটনার তিনদিন পার হয়ে গেলেও কোন সন্ত্রাসীকে আটক বা অভিযানে যায়নি প্রশাসন। এমনকি তার অবৈধ বালু উত্তোলনও থেমে নেই।
ওই মানববন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
মানববন্ধনে চকরিয়া ও পেকুয়ার প্রিন্ট- ইলেকট্রনিক এবং অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।














