এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ ইউনুস প্রকাশ পুতুর (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) ভোররাত ৫ টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরপাড়া ইউনুস বাড়িতে এই অভিযান চালানো হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই গা ঢাকা দেন ইউনুস।
অস্ত্র উদ্ধারের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
তিনি বলেন- শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ- পরিদর্শক (এসআই) তাপস দাশ সঙ্গীয় পুলিশ ফোর্স চিরিংগা ইউনিয়নের চরপাড়া পলাতক আসামি ইউনুসের বসতঘরে অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউনুস কৌশলে পালিয়ে গেলেও তার ঘরের শয়নকক্ষের ভিতরে বিছানার নীচ থেকে একটি দেশে তৈরি একনলা বন্দুক, ১৪টি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্রটি পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মনির হোসেন।
ওসি মনির হোসেন জানান- অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলমান থাকবে এবং অস্ত্রবাজ সন্ত্রাসীদের শেকড় উপড়ে ফেলা হবে।
স্থানীয় এলাকাবাসী জানান- চিরিংগা ইউনিয়নের মো. সেলিম প্রকাশ রাইফেল সেলিমের ছত্রছায়ায় চিংড়ি ঘের ভিত্তিক নানাধরণের অপরাধে জড়িত রয়েছে ইউনুস প্রকাশ পুতু।
ইউনুসের বিরুদ্ধে মৎস্য ঘের দখল, ডাকাতি ও অস্ত্র,ধর্ষনসহ অন্তত দশটি মামলা রয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানা পুলিশ।
স্থানীয় লোকজনের অভিযোগ, অভিযুক্ত ইউনুস রাইফেল সেলিমের সঙ্গে ছত্রছায়ায় থাকায় তাঁর অত্যাচারে দিশেহারা এলাকার সাধারন মানুষ।
প্রসঙ্গতঃ গত ১৭ মার্চ চিরিঙ্গা ইউনিয়নে রাইফেল সেলিমের নির্দেশে ইউনুসের নেতৃত্বে এক মৎস্য ঘের কর্মচারীর বাড়িতে গুলিবর্ষণ, সাত বছরের শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জন আহতের ঘটনা ঘটে।
এই সংবাদ প্রকাশের জেরে স্থানীয় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন ইউনুস ও তাঁর সহযোগীরা।














