সংবাদ বিজ্ঞপ্তি :: অভিবাসন সংক্রান্ত অভিযোগ তদন্ত ও সালিশ কার্যক্রমের বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে দুই দিনব্যাপী ফলোআপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ ও ২৬ জুন কক্সবাজারের একটি রিসোর্টে আয়োজিত এ কর্মশালায় ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও)-এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মাঠ পর্যায়ে বিএমইটি ও ডিইএমও কর্মকর্তাদের অভিজ্ঞতা, অর্জিত শিক্ষা, উত্তম অনুশীলন এবং পরিচালনাগত প্রতিবন্ধকতা চিহ্নিত করে অভিযোগ তদন্ত ও সালিশ কার্যক্রমকে আরও কার্যকর করার মাধ্যমে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিত করাই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের যুগ্ম সচিব এ জেড এম নুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জামিল আহমেদ বলেন, অভিবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।
বিএমইটির সালিশ কার্যক্রম জেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণের ফলে সেবা এখন অভিবাসী কর্মীদের দোরগোড়ায় পৌঁছে গেছে।
তিনি আরও জানান, আগামী ৪ জুলাই ২০২৬ থেকে অভিবাসী কর্মীদের জন্য অনলাইনভিত্তিক অভিযোগ ব্যবস্থাপনা চালু করতে যাচ্ছে বিএমইটি।
এর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে নতুন মাত্রা যুক্ত হবে।
বিশেষ অতিথি এ জেড এম নুরুল হক বলেন, এ ধরনের প্রশিক্ষণ বিএমইটি ও ডিইএমও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করবে।
পাশাপাশি ডিজিটাল সালিশ ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে অভিবাসন-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি আরও গতিশীল ও কার্যকর হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা দলীয় আলোচনার মাধ্যমে অভিযোগ তদন্ত, সালিশ কার্যক্রম পরিচালনা, অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং দ্রুত ও কার্যকর সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তারা বাস্তবভিত্তিক বিভিন্ন সুপারিশও উপস্থাপন করেন।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) সভাপতি অ্যাডভোকেট সীমা জহুরের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএমইটির পরিচালক (উপসচিব) মো. নাজমুল ইসলাম সরকার এবং হেলভেটাস বাংলাদেশের ‘স্ট্রেনদেনড অ্যান্ড ইনফর্মেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস-২)’ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রেমাংশু শেখর সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘স্ট্রেনদেনড অ্যান্ড ইনফর্মেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস-২)’ প্রকল্পের ‘অ্যাক্সেস টু জাস্টিস’ কার্যক্রমের আওতায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) এ ফলোআপ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।














