শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় চারশো সুবিধাবঞ্চিত নারী-পুরুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা

🗓 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সুদীর্ঘ সময় ধরে মানবিককাজে পাশে থাকা  এসএআরপিভির সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল দশটায় শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে হতদরিদ্র পরিবারের চারশো নারী-পুরুষ পেয়েছেন বিভিন্ন রোগের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ।

উপজেলা ও পৌরসভা এলাকার  সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন সার্ভ বাংলাদেশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল দশটায় চকরিয়া উপজেলা পরিষদ সড়কের ভরামুহুরীস্থ এসএআরপিভি কার্যালয়ে মেডিকেল ক্যাম্পের শুরুতে সুচনা বক্তব্য দেন এসএআরপিভি কক্সবাজারের রিজিওনাল ডিরেক্টর কাজী মাকসুদুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

সূচনা বক্তব্যে কাজী মাকসুদুল আলম মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্য, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার গুরুত্ব এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি এ ধরনের মানবিক উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও শাহীন দেলোয়ার তাঁর  বক্তব্যে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের উদ্যোগের প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি দাতব্য সংস্থাগুলোকে আরও এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ভ বাংলাদেশের উপদেষ্টা ডা. তৈয়ব সিকদার। তিনি  তাঁর বক্তব্যে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সার্ভ বাংলাদেশের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবার সার্বিক সহযোগিতা ও অর্থায়ন করেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া এ ধরনের মানবিক  উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা আশাবাদী সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক সংগঠন ও সমাজের দায়িত্ববান মানবিক ব্যক্তিরা  সম্মিলিতভাবে কাজ করতে এগিয়ে আসবেন। এতে সমাজের  হতদরিদ্র ও অসহায় জনগোষ্ঠী বেঁচে থাকার দিশা খুজে পাবে।

চিকিৎসাসেবা ও কার্যক্রম

অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে তিনজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক, দুইজন চক্ষু চিকিৎসক, চারজন গাইনি চিকিৎসক, তিনজন ডেন্টাল চিকিৎসক ও একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে গঠিত টিম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে মেডিসিন সংক্রান্ত,   দাঁতের চিকিৎসা, গাইনি চিকিৎসা, চক্ষু চিকিৎসা সংক্রান্ত চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়েছেন।

৬ ঘন্টার এই মেডিকেল ক্যাম্পে মোট ৪০০ নারী-পুরুষ ও শিশু রোগী বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যপরামর্শ গ্রহণের সুযোগ পেয়েছেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ জায়নুল আবেদিন বলেন, সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারিপর্যায়ে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহ সৃষ্টি হয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এধরণের মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে সার্ভ বাংলাদেশের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, চকরিয়া পৌর বিএনপি নেতা মোহাম্মদ জাকারিয়া, এইচএম নুরুল আমিন, আজিজনগর কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ সালাহউদ্দিন এবং সুধীজন উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর