সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে হাল্যান্ডের জয়সূচক গোলে আইভরি কোস্টকে উড়িয়ে শেষ ১৬-তে নরওয়ে

🗓 বুধবার, ০১ জুলাই ২০২৬

👁️ ৬০ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ জুলাই ২০২৬

👁️ ৬০ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(১ জুলাই) :: শেষ ৩২-এ আইভরি কোস্টকে পেতে গ্রুপস্তরের শেষ ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে যেন গা এলিয়ে দিয়েছিল নরওয়ে।

সেই ম্যাচটা নরওয়ে জিতলে সামনে পেত সুইডেনকে আর হারায় পেয়েছে আইভরি কোস্টকে।

সেই দলকে এ বার শেষ ৩২-এর লড়াইয়ে হারিয়ে শেষ ১৬-তে চলে গেল নরওয়ে।

ডালাস স্টেডিয়ামে ২-১ গোলে আইভরি কোস্টকে হারিয়ে দিল নরওয়ে। এ বার শেষ ১৬-তে তাদের প্রতিপক্ষ ব্রাজ়িল।

২৮ বছর পর এ বার ফিফা বিশ্বকাপে নামল নরওয়ে। ফিরে রূপকথার গল্পই যেন লিখছে নরওয়ে। গ্রুপ পর্বের দাপটের ছবি দেখা গেল নকআউটে।

বিশ্বকাপে নরওয়ের সবচেয়ে ভালো সাফল্য ছিল ১৯৯৮ সালে শেষ ষোলোয় ওঠা। দীর্ঘ ২৮ বছর পর ফিরে আবারও একই কীর্তির পুনরাবৃত্তি করল মার্টিন ওডেগার্ডের দল।

ম্যাচ শেষে নিজেদের সমর্থকদের সঙ্গে বিখ্যাত ‘ভাইকিংস’ উদযাপনে মেতে ওঠেন হাল্যান্ড-ওডেগার্ডরা।

শুরু থেকেই আক্রমণাত্মক নরওয়ে

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম সুযোগ তৈরি করেন আর্লিং হাল্যান্ড। বক্সের ভেতরে তাঁর হেড প্রতিহত করে আইভরি কোস্টের রক্ষণ। তিনি হেডটা দারুণ দিলেও পোস্ট থেকে কিছুটা দূরে দাঁড়ানোয় হেডে জোর ছিল না। এরপর কয়েক মিনিট নরওয়ে চাপ ধরে রাখলেও ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে আফ্রিকার দলটি।

২২ মিনিটে লেফট-ব্যাক কোনানের শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। এরপর ইয়ান দিওমান্দের ক্রস থেকে পেপেও গোলের সুযোগ পান, কিন্তু নরওয়ের গোলরক্ষক দারুণ সেভ করে দলকে রক্ষা করেন।

নুসার দুর্দান্ত গোলে এগিয়ে গেল নরওয়ে

আইভরি কোস্ট যখন ম্যাচে প্রভাব বিস্তার করছিল, ঠিক তখনই ৩৯ মিনিটে এগিয়ে যায় নরওয়ে। মার্টিন ওডেগার্ডের পাস থেকে বক্সে ঢুকে দুর্দান্ত শটে বল জালে জড়ান আন্তোনিও নুসা। আইভরি কোস্টের গোলরক্ষক চেষ্টা করেও বলের নাগাল পাননি।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পান হাল্যান্ড। আলেকজান্ডার সোরলথের হেড থেকে বল পেয়ে তিনি গোলে রাখতে পারেননি।

দিওলোর জাদুতে সমতা

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আইভরি কোস্ট। ৫৬ মিনিটে টানা দুটি দুর্দান্ত সেভ করেন নরওয়ের গোলরক্ষক অরিয়ান নাইল্যান্ড। এরপর ৬৬ মিনিটে সোরলথের নিশ্চিত গোল গোললাইন থেকে ক্লিয়ার করে দলকে বাঁচান আমাদ দিওলো।

৭৪ মিনিটে সেই দিওলোই অসাধারণ একক নৈপুণ্যে ম্যাচে সমতা ফেরান। ডান প্রান্ত থেকে বল নিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শক্তিশালী শটে নরওয়ের গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার। বিশ্বকাপের সেরা গোলের তালিকায় এটি এখনই জায়গা করে নিল।

শেষ হাসি হাল্যান্ডের

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই ৮৬ মিনিটে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড। ডান দিক দিয়ে প্যাট্রিক বার্গের নিখুঁত ক্রস ফাঁকা পোস্টে আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে দেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

চলতি বিশ্বকাপে এটি হাল্যান্ডের পঞ্চম গোল। গোলদাতার তালিকায় তাঁর ওপরে রয়েছেন লিওনেল মেসি, যার গোলসংখ্যা ছয়।

২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। এই জয়ের ফলে আগামী সোমবার রাত দেড়টার সময়ে শেষ ষোলোয় ব্রাজিলের মুখোমুখি হবে হাল্যান্ডদের দল।

 

Norway fans celebrate

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর