কক্সবাংলা ডটকম(৩০ জুন) :: বিশ্বকাপের নকআউট পর্বেই ঘটে গিয়েছে বড় অঘটন। সোমবার রাতে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে জার্মানি।
গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ ৩২-এ পৌঁছেছিলেন ম্যানুয়েল ন্যুয়ের, কাই হ্যাভার্ৎজ়রা।
কিন্তু টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাঁদের। এর মাঝেই বিতর্ক বাড়ছে জার্মানির একটি গোল বাতিল হওয়া নিয়ে।
এক্সট্রা টাইমে জোনাথন তাহের গোলে জার্মানরা লিড নিলেও VAR চেক করে সেই গোল বাতিল করে দেন রেফারি।
অফসাইডেও ছিলেন না কোনও ফুটবলার। তবে কি জার্মানির বৈধ গোল বাতিল করা হয়েছে?
জার্মানির গোল বাতিল নিয়ে বিতর্ক
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় প্যারাগুয়ে। দলের হয়ে গোল করেন হুলিও এনসিসো। দ্বিতীয়ার্ধে কাই হ্যাভার্ৎজ় সমতা ফেরান জার্মানির হয়ে।
১-১ স্কোরেই ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। তখন ম্যাচের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) একটি সিদ্ধান্তকে ঘিরে।
অতিরিক্ত সময়ে প্রথমার্ধের শেষ দিকে একটি কর্নার থেকে নিখুঁত হেডে গোল করেন জোনাথন তাহ। কিন্তু VAR চেক করে সেই গোল বাতিল করে দেন রেফারি।
কেন বাতিল করা হয় জার্মানির গোল?
VAR রুম থেকে জানানো হয়, গোলের আগে জার্মান ডিফেন্ডার ভোল্ডেমার অ্যান্টন ফাউল করেন প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিলকে। মরক্কোর রেফারি জালাল জায়েদ নিজে মনিটরে রিপ্লে দেখে ফাউলের সিদ্ধান্ত বহাল রাখেন এবং গোলটি বাতিল করেন। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে জার্মান শিবির।
জার্মানির গোল বাতিল নিয়ে কী বললেন প্রাক্তনীরা?
ম্যাচ চলাকালীন ধারাভাষ্যে থাকা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালান শিয়েরারও রেফারির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তাঁর মতে, এটি ছিল খুবই ‘সফ্ট’ ফাউল।
শিয়েরার বলেন, ‘এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। গিলের সঙ্গে অ্যান্টনের কিছুটা ধাক্কাধাক্কি হয়েছিল। কিন্তু ফুটবলে তো এটা স্বাভাবিক। ৬ গজের বক্সে ১৩ জন ফুটবলার ছিল।
এত সামান্য ধাক্কায় গোলকিপার খুব সহজেই মাটিতে পড়ে গিয়েছে। আমার মতে এটা কোনওভাবেই ফাউল নয়।’














