শুক্রবার ৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ার কুতুপালং সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার : আটক ২

🗓 বুধবার, ০১ জুলাই ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ জুলাই ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

রতন কান্তি দে,উখিয়া :: কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া উপজেলার কুতুপালং সীমান্ত দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একটি মিনি ট্রাক জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৩০ জুন দিবাগত রাত ১২টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একটি মিনি ট্রাকযোগে বিপুল পরিমাণ ইউরিয়া সার রামু থেকে উখিয়ার কুতুপালং হয়ে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছে।

তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রামু ও উখিয়া উপজেলার কৃষি কর্মকর্তাদের মরিচ্যা যৌথ চেকপোস্টে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত হলে বিজিবির সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের চালক মো. সৈয়দ করিম (২৮), পিতা- রফিক আলম, গ্রামের বাড়ি নাইক্ষ্যংছড়ির সোনাচুড়ি এবং তার সহযোগী মো. জাহেদ (২৫), পিতা- সৈয়দ কাশেম, উখিয়ার পশ্চিম পালংখালী এলাকার বাসিন্দাকে ইউরিয়া সারের বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য বলা হলে তারা কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি।

পরবর্তীতে বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে রামু ও উখিয়া উপজেলার কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাকটি পুনরায় তল্লাশি করে প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি স্বীকার করেন, উদ্ধার হওয়া ইউরিয়া সারগুলো প্রথমে কুতুপালং বাজারে মজুদ রাখা হতো। পরে পর্যায়ক্রমে সীমান্তের বিভিন্ন চোরাপথ ব্যবহার করে সেগুলো মিয়ানমারের অভ্যন্তরে পাচার করা হতো।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় সার, মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

উদ্ধারকৃত ইউরিয়া সার, জব্দকৃত মিনি ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর