শুক্রবার ৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার : পাচারকারী আটক

🗓 বুধবার, ০১ জুলাই ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ জুলাই ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ জন পাচারকারীকে আটক এবং তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১ জুলাই গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচারের চেষ্টা হতে পারে।

এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার পরিকল্পনা ও নির্দেশনায় শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, শাহপরীরদ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদী এলাকায় বিজিবির একটি আভিযানিক দল রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরে রাত পৌনে ১টার দিকে শাহপরীরদ্বীপ বিওপির প্রযুক্তিগত পর্যবেক্ষণে নাফ নদীর মিয়ানমার অংশে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি শনাক্ত হয়।

প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিজিবি নিশ্চিত হয় যে, ওই নৌকায় করে মাদক বাংলাদেশে পাচারের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে বিজিবির নৌ টহল দল নাফ নদীতে কৌশলগত অবস্থান নিয়ে নৌকাটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করে।

একপর্যায়ে চাঁদের আলোয় একজন ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির নৌ টহল দল দ্রুত অভিযান চালিয়ে তাকে বস্তাসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তি জাগীর হোসেন (২৮)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল হক এবং মাতার নাম ফাতেমা খাতুন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি মিয়ানমার থেকে আসা সন্দেহভাজন নৌকা থেকে নদীতে নেমে ইয়াবার চালান নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ দমনে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

মাদক ও সীমান্ত অপরাধ প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়নের রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা কার্যক্রম, নিয়মিত স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর