রতন কান্তি দে,উখিয়া :: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)-এর পানবাজার পুলিশ ক্যাম্প।
বৃহস্পতিবার (তারিখ) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে পানবাজার পুলিশ ক্যাম্পের চেকপোস্ট-৯.১ এ নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় এ অভিযান পরিচালিত হয়।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর নির্দেশনায় ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা রোহিঙ্গাদের তল্লাশি করছিলেন।
এ সময় এক সন্দেহভাজন রোহিঙ্গাকে তল্লাশির জন্য থামতে বলা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
পরবর্তীতে স্থানীয় দোকানদার ও পথচারীদের উপস্থিতিতে আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।
তিনি জোনায়েদ (২৩), পিতা- শাহামিয়া, মাতা- রেহেনা বেগম। তার এফসিএন (FCN) নম্বর ১১০৫৪৪।
তিনি উখিয়ার বালুখালী-১ এলাকার রোহিঙ্গা ক্যাম্প-১০-এর ব্লক জি/১৭-এর বাসিন্দা।
সাক্ষীদের উপস্থিতিতে আটক জোনায়েদের দেহ তল্লাশি করে তার কাছে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো সাদা শপিং ব্যাগ থেকে ৩০টি নীল জিপারযুক্ত পলিব্যাগ উদ্ধার করা হয়।
প্রতিটি পলিব্যাগে ২০০টি করে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবাগুলো বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
৮ এপিবিএন সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামতের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।













