শুক্রবার ৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), জি-৩ রাইফেল, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

🗓 বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক ব্যবহার করে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে।

এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার পরিকল্পনা ও নির্দেশনায় এলাকায় একটি সুপরিকল্পিত ত্রিমুখী অভিযান পরিচালনা করা হয়।

পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল রাত আনুমানিক ৩টা ২০ মিনিট থেকে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরে ভোর প্রায় ৪টার দিকে একটি ইজিবাইকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা অস্থায়ী চেকপোস্টে তাদের থামার সংকেত দেন।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ইজিবাইকটি ঘটনাস্থলে ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

এছাড়া ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর