রোতাব চৌধূরী :: উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালী বের করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
জেলা প্রশাসক বলেন, সরকার প্রান্তিক অঞ্চলের জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মত বিভিন্ন সহায়তা বিতরণ শুরু করেছে।
জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. জহুরুল ইসলামের স্বাগত বক্তব্যে এতে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল আলম,পিডিবিএফ এর উপপরিচালক মো ইউনুস মিয়াসহ সফল সমবায়ী উদ্যোক্তারা।
এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিআরডিবির আওতাধীন সমবায়ী ও উদ্যোক্তা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী দিনে সরকারের রূপকল্প বাস্তবায়নে এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই।
সভাশেষে তিনজন উদ্যোক্তা সদস্যকে সাত লক্ষ পঁচিশ হাজার টাকার উদ্যোক্তা ঝণের চেক এবং উপস্থিত সকলের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।














