বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, নিহত ৪

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ৩৮ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ৩৮ বার দেখা হয়েছে

তারেকুর রহমান :: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে একটি মাদ্রাসা ও হিফজখানার ওপর পাহাড়ধসের ঘটনায় অন্তত চারজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক এ-৩ এলাকায় অবস্থিত খদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হিফজখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার সময় মাদ্রাসায় পাঠদান চলছিল। হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে ভবনের ওপর পড়ে গেলে শিক্ষার্থীরা মাটিচাপা পড়ে।

নিহতরা হলেন ক্যাম্প-৫-এর এ-১১ ব্লকের বাসিন্দা রাশিদা বেগম (১৩), ক্যাম্প-৩-এর এফ-১ ব্লকের বাসিন্দা উম্মে নেজাতুল (১৩) ও উম্মে সালমা (১২), এবং ক্যাম্প-৫-এর এ-৮ ব্লকের বাসিন্দা উমাইসা বিবি (১৩)।

আহতদের মধ্যে রয়েছে ক্যাম্প-৩-এর বাসিন্দা আসরা (৯), ক্যাম্প-৩-এর এফ-১ ব্লকের বাসিন্দা বেগম জান (১৫) এবং ক্যাম্প-৫-এর এ-৭ ব্লকের বাসিন্দা ফারেসা বিবি (১২)। অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল জানান, নিহত ও আহত সবাই কিশোরী ছাত্রী।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত হতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় রোহিঙ্গা যুবক মো. ইদ্রিস জানান, দুর্ঘটনার সময় মাদ্রাসাটিতে ৩০ থেকে ৫০ জনের বেশি ছাত্রী কোরআন শিক্ষা নিচ্ছিল। পাহাড়ধসের সঙ্গে সঙ্গে কয়েকজন ছাত্রী দ্রুত বেরিয়ে আসতে পারলেও অধিকাংশ কাদা ও মাটির নিচে চাপা পড়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। রোহিঙ্গা ফটোগ্রাফার ইয়াসিন আব্দু মোনাব বলেন, ভূমিধসের সময় মাদ্রাসায় প্রায় ৫০ জন ছাত্রী উপস্থিত ছিল। তাদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিকভাবে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দলের যৌথ প্রচেষ্টায় হতাহতদের উদ্ধার করা হয়।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে গেছে।

এর আগে গত রোববার রাতে উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় আট রোহিঙ্গার মৃত্যু হয়েছিল।

সাম্প্রতিক এই দুর্ঘটনায় রোহিঙ্গা শিবিরগুলোতে নিরাপত্তা ও দুর্যোগ ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর