এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার (নবগঠিত মাতামুহুরী উপজেলার) বদরখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিন (৩৬) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম নতুনঘোনা পাড়া এলাকার ওয়াপদার নাশি নামক এলাকার বিদ্যুৎ চালিত একটি টমটম (ইজিবাইক) গ্যারেজে ঘটেছে এ দুর্ঘটনা।
মারা যাওয়া সাহাব উদ্দিন ওই ইউনিয়নের পশ্চিম নতুনঘোনা এলাকার আবুল কাসেমের ছেলে।
বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন টমটম চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে গ্যারেজের আশপাশে ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছিল। এ সময় বিদ্যুতায়িত স্থানে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, টমটম চালকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত হয়েছি। পরিবারের অভিযোগ সাপেক্ষে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে টমটম গাড়ি চালক সাহাব উদ্দিনের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৈরি আবহাওয়ার সময়ে বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।














