ওবাইদুর রহমান নয়ন,টেকনাফ :: কক্সবাজারের উখিয়ায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় একটি বসতবাড়িতে র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে শাকিলা শারমিন রেশমীকে গ্রেপ্তার করেন। তবে তার এক সহযোগী পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বসতঘর ও ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।














