রতন কান্তি দে, উখিয়া :: কক্সবাজারের উখিয়া উপজেলায় সাম্প্রতিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা এবং চলমান উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
বুধবার (৯ জুলাই) তিনি দুর্ঘটনাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করে উদ্ধার তৎপরতার অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গত ৬, ৭ ও ৮ জুলাই টানা অতি ভারী বর্ষণের ফলে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় স্মরণকালের অন্যতম ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটে।
এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা, চুরি কিংবা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন।
তাঁর নির্দেশনায় উখিয়া থানা পুলিশ দুর্ঘটনাকবলিত এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।
এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে।
এ প্রেক্ষাপটে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়সংলগ্ন ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।















