এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার ( নবগঠিত মাতামুহুরী উপজেলার) পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত চাচা আবুল হাশেম (৪২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হাশেম। তিনি ওই গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের একপর্যায়ে গত ৭ জুলাই বিকালে আবুল হাশেমকে ভাতিজা সোহেলের নেতৃত্বে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়।
পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে সেখানে মারা যান আবুল হাশেম।
নিহতের পরিবার সদস্যরা জানান, ওই এলাকার বাসিন্দা মরহুম ইউছুফ আলীর তিন ছেলে। তারা হলেন নুর মোহাম্মদ, নুরুল আজিম ও আবুল হাশেম।
তাদের মধ্যে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।
এ ঘটনার জেরধরে নুর মোহাম্মদের দুই ছেলে সোহেল (২২) ও রাসেল (২৭) ঘটনারদিন আবুল হাশেমকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে হাসেমের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়।
পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ বলেন, চলাচল পথের বিরোধ নিয়ে ভাতিজার হাতে চাচার মৃত্যুর ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোহাম্মদ মাসুদ বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
নিহতের পরিবার থেকে এজাহার পাওয়া গেলে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













