এম.জিয়াবুল হক,চকরিয়া :: ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়েছে বাড়ির ভেতরে। পরিবারের সবাই খাটের ওপর বসে গালগল্প করছিলেন।
এরই মধ্যে পরিবার সদস্যদের অগোচরে খাট থেকে পানিতে পড়ে যায় আড়াই বছর বয়সী শিশু মোহাম্মদ ওয়াকিম।
এরইমধ্যে রান্নার কাজ করার ফাঁকে অনেকক্ষণ পর মা পারভীন আক্তার খাটে এসে খোঁজছিলেন শিশু ছেলে ওয়াকিমকে। ততক্ষণে ছোট্ট ওয়াকিম বাড়ির এক কোনে পানিতে ডুবে মারা যায়।
পরে সেখান থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু ওয়াকিমকে মৃত্যু ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা এগারোটার দিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজকাকারা গ্রামে।
মারা যাওয়া শিশু ওয়াকিম ওই এলাকার বাসিন্দা সোলতান আহমদের ছেলে।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মুঠোফোনে বলেন, পরিবার সদস্যদের অগোচরে খাট থেকে পানিতে পড়ে গিয়ে শিশু ওয়াকিমের মৃত্যু হয়েছে।
ঘটনাটি খুবই দুঃখজনক।













