সরওয়ার কামাল,মহেশখালী :: টানা অতি বৃষ্টির ফলে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী জুমপাড়া এলাকায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আকস্মিক এ পাহাড় ধসে কয়েকটি বসতবাড়ি মাটিচাপা পড়ে।
এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন ঘরের ভেতরে আটকা পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাহাড় ধসের বিকট শব্দে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় মসজিদের মাইকে জরুরি ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে তারা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান চালিয়ে মাটিচাপা পড়া ঘর থেকে আটকে থাকা নারী, পুরুষ ও শিশুদের জীবিত উদ্ধার করেন।
এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি অত্যন্ত নরম হয়ে পড়ে। এতে গভীর রাতে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে বসতবাড়ির ওপর নেমে আসে।
এতে কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পরিবার নিরাপত্তার কথা বিবেচনা করে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
এলাকাবাসীর দাবি, পাহাড় ধসপ্রবণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রসঙ্গত, চলমান মৌসুমি বৃষ্টিপাতের কারণে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।














