হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন ও রাজারছড়া সৈকত থেকে বুধবার জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহগুলো পচাগলা ও বিকৃত অবস্থায় থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, বুধবার সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া সৈকত থেকে প্রথম মরদেহটি উদ্ধার করা হয়।
পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরনের পোশাকের ভিত্তিতে প্রাথমিকভাবে মরদেহটি কোনো রোহিঙ্গা নারীর হতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত নয়।
একই দিন দুপুরে সেন্ট মার্টিনের পশ্চিম সৈকত থেকে জোয়ারের পানিতে ভেসে আসা আরেকটি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
দীর্ঘ সময় সাগরের পানিতে থাকায় মরদেহটির মাথা বিচ্ছিন্ন এবং শরীর পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বৈরী আবহাওয়ার কারণে মরদেহটি মূল ভূখণ্ডে নেওয়া সম্ভব না হওয়ায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয়ভাবে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়।
বুধবার বিকেলে টেকনাফ সদরের রাজারছড়া সৈকত থেকে আরও একটি কঙ্কালসার নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ পৌরসভার উদ্যোগে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহটি দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, সমুদ্রপথে মালয়েশিয়াগামী কোনো ট্রলারডুবি অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় মরদেহগুলো সাগরে ভেসে আসতে পারে।
তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এ কারণে টানা আট দিন ধরে টেকনাফ–সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।













