এস জোবায়েদ,পেকুয়া :: কক্সবাজারের বন্যাদুর্গত পেকুয়া উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবদুল মান্নান।
শনিবার (১১ জুলাই) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পেকুয়া সদর ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ঔষধ বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) নুরুল আকতার, পেকুয়া প্রেস ক্লাব সভাপতি মো. ছফওয়ানুল করিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বন্যাকবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।














