মোসলেহ উদ্দিন,উখিয়া :: উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নকে বিভিন্ন ক্যাটাগরিতে পুনর্বিন্যাসের কার্যক্রম চলমান।
এ উদ্যোগকে ঘিরে জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
তবে এ প্রক্রিয়ায় উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ওয়ালা’ রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা ও আপত্তি দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, ‘ওয়ালা’ মূলত একটি মৌজার নাম। এর নামের উৎপত্তি পূর্বাঞ্চলের পাহাড়ি জনপদে অবস্থিত ওয়ালাদং পাহাড় থেকে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওয়ালাদং পাহাড় বর্তমানে ঘুমধুম ইউনিয়ন এলাকায় অবস্থিত। অন্যদিকে, ঐতিহাসিকভাবে রাজাপালং এলাকার পূর্ব সীমানা আমতলী পর্যন্ত বিস্তৃত।
এ কারণে স্থানীয় নাগরিকদের একটি বড় অংশের মতামত হলো, উপজেলার প্রশাসনিক সদর হিসেবে ইউনিয়নটির নাম ‘উখিয়া সদর ইউনিয়ন’ রাখা হলে তা ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক পরিচয় এবং সাধারণ মানুষের কাছে অধিক গ্রহণযোগ্য ও অর্থবহ হবে।
স্থানীয়দের প্রত্যাশা, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে জনমত, ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা এবং প্রশাসনিক সুবিধার বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি সর্বজনগ্রহণযোগ্য নাম নির্ধারণ করা হোক।














