এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজার-০১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চকরিয়া মাতামুহুরী উপজেলার উপকূলীয় অঞ্চলের সামাজিক নিরাপত্তা বেস্টনী মজবুত করার লক্ষ্যে মাতামুহুরী নদীতে টেকসই বাঁধ নির্মাণ করা হবে।
আমার নির্বাচনী এলাকার কোন মানুষ যাতে ভবিষ্যতে বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পাশাপাশি মাছ চাষের অজুহাতে ইজারা নেওয়া সব স্লুইসগেটের ইজারা বাতিল করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। যার মাধ্যমে বর্ষা মৌসুমে স্লুইসগেট গুলো খুলে দিতে কোনধরনের বেগ পেতে না হয়।
শনিবার (১৮ জুলাই) বিকালে চকরিয়া উপজেলার উপকূলীয় (মাতামুহুরী উপজেলার) বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় বানবাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
ত্রাণ বিতরণের আগে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাশের ইউনিয়ন ঢেমুশিয়া জমিদার বাড়ির সন্তান ও মাতামুহুরি উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রয়াত মেজবাহ উদ্দিন চৌধুরী বেলাল মিয়ার কবর জিয়ারত করেন। আগেরদিন শুক্রবার মারা যান বেলাল মিয়া।
কোনাখালী ইউনিয়নে ত্রাণ বিতরণ শেষে দুইদিনের নির্বাচনী এলাকায় কর্মসুচি সমাপ্ত করে এদিন রাত সাড়ে সাতটার দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজারে রওয়ানা দেন সালাহউদ্দিন আহমদ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা (মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্ব) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (এএসপি) চকরিয়া সার্কেল অভিজিৎ দাশ, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী, চকরিয়া থানার ওসি মোঃ আরিফুর রহমান, মাতামুহুরী থানার ওসি জমির উদ্দিন ভুঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) দিলীপ দে, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সোয়াইবুল ইসলাম সবুজ, বিএনপি নেতা ইমরুল হাসান হান্নান, ডাঃ নুরুল কবির, সালাহউদ্দিন প্রমুখ।













