দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার (১০ আগস্ট) ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অবস্থান নেয়।
ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে মিয়ানমারের দিক থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দেন।
এ সময় তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন।
আটকরা হলেন নুর বশর (২২) ও আবুল ফয়েজ (২৫)। নুর বশর টেকনাফের কাটাখালী হাতিমারা গ্রামের বাসিন্দা এবং আবুল ফয়েজ একই উপজেলার উলুবনিয়া গ্রামের বাসিন্দা।পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর ৩৫ কার্টনে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তাঁরা সেগুলো বহন করছিলেন।
আটককৃত বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক থানায় হস্তান্তর করা হয়।













