এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
সোমবার (১০ আগষ্ট ) বিকাল তিনটার দিকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে চকরিয়া উপজেলার চিরিঙ্গা বদরখালী সড়কের সাহারবিল শাহপুরা নামক এলাকায় দুর্ঘটনায় মিজানুর রহমান গুরুতর আহত হয়।
নিহত মিজানুর রহমান উপজেলার চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক। তিনি চিরিংগা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার মৃত নুরুল ইসলাম এর ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,মিজানুর রহমানসহ তিনজন একটি মোটরসাইকেল চালিয়ে চকরিয়া উপজেলা সদর থেকে বদরখালীর দিকে যাচ্ছিলেন।
এসময় শাহপুরা নামক এলাকায় পৌঁছলে বদরখালীর দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মিজানুর রহমানের হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। তার সাথে মোটরসাইকেলে থাকা বাকী দুইজনও আঘাতপ্রাপ্ত হন।
তারা তিনজন কে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান। বাকী দুই জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাত্রদল নেতা মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা ছাত্রদল আহবায়ক রেজাউল করিম বাপ্পি।
তিনি বলেন, ছাত্রদল নেতা মিজানুর রহমান ডাম্পার ট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মিজানুর রহমান এর মৃত্যুতে আমি চকরিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি।
চকরিয়া থানার ওসি তদন্ত নুর আলম মাসুম ছিদ্দিকী বলেন, বদরখালী সড়কের শাহপুরা এলাকায় ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা মিজান নিহত হয়েছেন।
আমরা ঘটনাস্থল থেকে ডাম্পার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হবে।












