কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে র্যাবের অভিযানে চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলাসহ ৭টি মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাদ্দাম হোসেন (২৬)কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ সূত্র জানায়, গত ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১৫ (সদর), কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত অন্যতম আসামি সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাদ্দাম হোসেন কক্সবাজার সদর থানাধীন মাটিরতলী শিকদারপাড়ার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার সালেহ আহম্মদের ছেলে।
র্যাবের তথ্যমতে, সাদ্দাম হোসেন কক্সবাজার এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী ও চরমপন্থী হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য যাচাই করে দেখা যায়, কক্সবাজার সদর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা ২টি, ডাকাতির প্রস্তুতির মামলা ২টি, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ১টি, অস্ত্র আইনে ১টি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টিসহ মোট ৭টি মামলা রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১৫-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।












