মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলায় মাদক,চুরি-ছিনতাই,অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত

🗓 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক চোরাচালান, চুরি-ছিনতাই, অপরাধ দমন, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বক্তব্য রাখেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ করে সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ বিভিন্ন এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে সমন্বিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় বর্তমানে নতুন ধরনের অপরাধ হিসেবে অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিস্তার নিয়েও আলোচনা করা হয়।

এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্র শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

কক্সবাজারের পর্যটনকেন্দ্রিক এলাকাগুলোতে পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো এবং জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়েও সভায় আলোচনা হয়।

এ সময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর