সোয়েব সাঈদ, রামু:: কক্সবাজারের রামুতে দুই মাস বয়সী এক শিশুপুত্রকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত মা রোমানা আক্তার (২৩)কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়া প্রবাসী আব্দুল মালেকের ছেলে।
শিশুটির বাবার বাড়ি রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়ায় হলেও ঘটনার সময় শিশুটি তার মায়ের সঙ্গে নানাবাড়ি চৌকিদার পাড়ায় ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন রোমানা আক্তার। কিছুক্ষণ পর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

স্থানীয়দের দাবি, সুপারি কাটার ‘জাতি’ দিয়ে শিশুটির গলা কেটে হত্যা করা হয়েছে। পরে খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে যায়।
রামু থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত রোমানা আক্তার মানসিকভাবে অসুস্থ এবং এর আগে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল।
তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মাশেকুর রহমান মাশেক বলেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে সুপারি কাটার জাতা দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।













