দীপন বিশ্বাস, উখিয়া :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালিয়ে আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) এর সাবেক ‘গান গ্রুপ কমান্ডার’ নুর আহমেদ কে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
পুলিশ সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) দুপুরে ক্যাম্পের বি/১৩ ব্লকে অভিযান চালানোর সময় দুই রোহিঙ্গাকে আটক করে এপিবিএন।
এ সময় ৫ থেকে ৬ জন ব্যক্তি পুলিশের কাছ থেকে আবুল ওসমান নামের একজনকে ছিনিয়ে নিয়ে যায়। অপরজন নুর আহমেদকে আটক করা হয়।
৮ এপিবিএনের দাবি, নুর আহমেদ আরসার সক্রিয় সদস্য।
তাঁর বিরুদ্ধে সীমান্তে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে হত্যা, ক্যাম্প-৮ এলাকায় এপিবিএনের সঙ্গে সংঘর্ষ এবং একটি নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে হত্যা ও প্রায় ৪০ লাখ টাকা লুটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এ ছাড়া বড় একটি ইয়াবার চালানের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের কাছ থেকে আবুল ওসমানকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নুরুল আমিন, রাজী কুল্লাহ, হাইরুল বশর, নাছার ও মো. নূর নামের কয়েকজনের সম্পৃক্ততার কথা জানিয়েছে পুলিশ।
তাঁদের বিরুদ্ধে অভিযানে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।
আটক নুর আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।












