দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।
বুধবার রাত ৯টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) ও তাঁর সহযোগী আব্দুল হাফেজ (২২)।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এপিবিএন সূত্র জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা ও তাঁর সহযোগী আব্দুল হাফেজ ৬ নম্বর আশ্রয়শিবির এলাকায় অবস্থান করছেন।
এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এপিবিএনের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরসার সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
সূত্রটি আরও জানায়, মোহাম্মদ আলম ওরফে মুছা উখিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।
তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।














