সরওয়ার কামাল মহেশখালী :: মহেশখালী উপজেলায় লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।
১৯ই আগষ্ট উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ভাসমান বিক্রয় কেন্দ্রসহ মোট ছয়টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে মেসার্স ওসাম ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটিকে সরাসরি তেল বিক্রির কার্যক্রম চালু অবস্থায় পাওয়া যায়।
অননুমোদিতভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে এটি সিলগালা করে দেওয়া হয়।
এছাড়া রাসেল এন্ড কোম্পানি নামের অপর একটি বন্ধ প্রতিষ্ঠানের মালিক উপস্থিত হলে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিযানের সময় বাকি চারটি প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
তবে কোনো অনুমোদন না থাকায় ও জননিরাপত্তার স্বার্থে ওই চার প্রতিষ্ঠানকেও সিলগালা করে দেওয়া হয়।
তেল একটি অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় তা সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে অগ্নিনিরাপত্তাসহ নানা আইনি বাধ্যবাধকতা রয়েছে।
তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় একাধিক ভাসমান ও অনুমোদনহীন তেল বিক্রয়কেন্দ্র শনাক্ত হওয়ায় স্থানীয় সচেতন মহল নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের মতে, এ ধরণের অভিযান বিচ্ছিন্নভাবে না চালিয়ে উপজেলার সর্বত্র ধারাবাহিক নজরদারি বজায় রাখা প্রয়োজন, যাতে সিলগালা করা প্রতিষ্ঠানগুলো পুনরায় অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতে না পারে।
প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেন, অসাধু উপায়ে লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ বিক্রির প্রবণতা বন্ধ করতে প্রশাসন নিয়মিত এমন অভিযান বজায় রাখবে।













