সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রী উদ্ধার

🗓 শনিবার, ২২ আগস্ট ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২২ আগস্ট ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের রামুতে চলন্ত একটি এসি স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এ সময় বাসের দরজা-জানালা বন্ধ থাকায় ভেতরে আটকা পড়া যাত্রীদের জানালার কাচ ভেঙে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রামু উপজেলার কলঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আইকন পরিবহনের বাসটি কক্সবাজার থেকে ৩০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

বাসের যাত্রী কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা আবদুস সবুর বলেন, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগার পর চালক ও সহকারী বাস থেকে নেমে যান।

তবে দরজা-জানালা বন্ধ থাকায় যাত্রীরা বের হতে পারছিলেন না।

এ সময় আগুন ও ধোঁয়া দেখে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। যাত্রীদের মধ্যে নারী ও শিশুও ছিল।

আরেক যাত্রী ঢাকার বাসিন্দা মো. রায়হান বলেন, দুই দিন আগে কয়েকজনের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন তিনি।

রাতে ঢাকায় ফেরার পথে রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে বাসটি ছাড়ে।

রামুর কলঘর এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন লাগে। তবে চালক ও সহকারী বিষয়টি যাত্রীদের না জানিয়েই বাস থেকে নেমে যান।

রায়হান বলেন, ‘প্রথমে পোড়া গন্ধ পাই। পরে দেখি বাসে আগুন লেগেছে। স্থানীয় লোকজন বাসের জানালার কাচ ভেঙে আমাদের উদ্ধার করেন।’

মো. সোহেল রানা নামের আরেক যাত্রী বলেন, তিনি পরিবারের সাত সদস্য নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। রাতে সবাই ঢাকায় ফিরছিলেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার না করলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ খান।

তিনি বলেন, দুর্ঘটনার প্রায় ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে বাসে আগুন জ্বলতে এবং ভেতরে যাত্রীদের চিৎকার করতে দেখেন। বাসের দরজা বন্ধ ছিল।

পরে স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে দিলে ওই পথ দিয়ে সব যাত্রীকে বের করে আনা হয়। একই সঙ্গে বাসের ভেতর থেকে যাত্রীদের মালামাল উদ্ধার করে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

পারভেজ খান আরও বলেন, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর যাত্রীরা অন্য বাসে করে তাঁদের গন্তব্য ঢাকার উদ্দেশে রওনা দেন।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আবদুল কাদের চৌধুরী বলেন, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানালার কাচ ভেঙে যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর