রোতাব চৌধূরী :: পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ বাস্তবায়নাধীন ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৫’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে খানাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত ও বেঞ্চমার্ক ডাটাবেজ প্রণয়নের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার।
সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর খানাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত ও বেঞ্চমার্ক ডাটাবেজ প্রণয়ন করা হবে।
এ তালিকার ভিত্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা নিরূপণে পূর্ণাঙ্গ জরিপ পরিচালনা, দারিদ্র্যের হার নির্ণয় এবং জীবনমান উন্নয়নে Proxy Means Test (PMT) Score-সম্বলিত ডাটাবেজ প্রস্তুত করা হবে।
এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এসডিজি-সংক্রান্ত বিভাজিত তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে ‘Leave No One Behind’ নীতি বাস্তবায়ন, দারিদ্র্যের হার ও PMT Score নির্ণয়সহ ডাটা বিশ্লেষণে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও আন্তর্জাতিক রিপোর্টিংয়ের জন্য পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণে সহায়ক তথ্য-উপাত্ত নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামীমুল হক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসান এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বক্তব্য দেন।
এ সময় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধি, রাখাইন ও বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, প্রকল্পটির বাস্তবায়নকাল ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ পর্যন্ত।
সভায় আরও জানানো হয়, প্রকল্পের আওতায় সমতল ও পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর খানাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে।
প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানানো হয়, এরই মধ্যে খসড়া প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে এবং মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহের জন্য CAPI Apps প্রস্তুত করা হয়েছে। খসড়া প্রশ্নপত্র ও CAPI Apps ব্যবহার করে ১৭টি জেলায় ১৬ থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোনায় ১৮ জুন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে ১৩ আগস্ট ২০২৬ তারিখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমিতি ও সংগঠনের প্রতিনিধি এবং জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় আরও জানানো হয়, আগামী অক্টোবর-নভেম্বর ২০২৬ সময়ে মাঠপর্যায়ে দেশের সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের তথ্য সংগ্রহ করা হবে।














